ভুয়া আইডিতে প্রতারণা
পুলিশ-সেনা কর্মকর্তার নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক আটক
পুলিশ-সেনা কর্মকর্তার নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক আটক
সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর পানির ট্যাংকি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র্যাব-৫-এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার শরিফুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ‘অ্যাডিশনাল ডিআইজি হুমায়ুন’ নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ওই আইডি ব্যবহার করে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন।
র্যাব আরও জানায়, শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা করে আসছিলেন। এর আগে পুলিশ কর্মকর্তার পরিচয়ে একই ধরনের প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।
র্যাবের অভিযানে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা